ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে ৫৭ ধারায় মামলা
ফেইসবুকে মিথ্যা স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরে এক নারীসহ তিনজনের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশে সোমবার তারা এই মামলাটি নথিভুক্ত করেন। মামলার বাদী ঢাকার গুলশান থানার মো. ফজলুল করিমের ছেলে ইমতিয়াজ করিম শুভ।
আসামিরা হলেন - ভোলা সদরের জহিরুল হক রতনের ছেলে মনিরুল হক চৌধুরী, ঢাকার রমনা থানার নিউ ইস্কাটনের আসাদুজ্জামানের ছেলে মনিরুজ্জামান ও গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকার কফিল উদ্দিনের মেয়ে কামরুন নাহার শোভা।
বাদী ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোভার পরিবারের কাছ থেকে তিনি জমি কিনেছেন। সেই জমি দখল করতে গেলে শোভার পরিবার বাধা দেয়।
“আর এ নিয়ে আসামিরা বিভিন্ন সময় ফেইসবুকে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা স্ট্যাস্টাস দেন। আমি উচ্চ আদালতে অভিযোগ দিলে আদালত তা জয়দেবপুর থানাকে মামলা হিসেবে গণ্য করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়।”
তবে শোভা দাবি করেন, তার পৈত্রিক বসতবাড়ি দখলের চেষ্টা করছেন ইমতিয়াজ ও তার দলবল।
ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।
