২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কৃষক হত্যায় চার ভাইসহ ৫ জনের যাবজ্জীবন

খুলনার কয়রায় ১৫ বছর আগে এক কৃষক হত্যায় চার ভাইসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 04:14 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কয়রার দক্ষিণ মদিনাবাদ গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে শাজাহান মোল্লা (২৫), আশরাফ মোল্লা (২২), সুজা উদ্দিন মোল্লা (৩২) ও ইসমাইল মোল্লা (২৭) এবং একই এলাকার মৃত ছাকিম উদ্দিন মোল্লার ছেলে জামাল উদ্দিন মোল্লা (৩৫)।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পিপি হেমন্ত কুমার সরকার।

এছাড়া মামলা চলার সময়ে দুই আসামি মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে হেমন্ত কুমার জানান, ২০০৩ সালের ২৭ জুলাই সন্ধ্যায় কয়রার দক্ষিণ মদিনাবাদ গ্রামের লুৎফর মোল্লা বাড়ির কাছে বিলে মাছ ধরতে যায়। কিন্তু রাতে আর ফিরে না আসায় সকালে তার ছেলে হালিম মোল্লা তাকে খুঁজতে গিয়ে বিলে মৃতদেহ বিলের মধ্যে পড়ে থাকতে দেখে।

পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে অভিযোগে পরদিন হালিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। ২০০৪ সালের ১ ফেব্রুয়ারি সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।