২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে নাসিরনগর ও সুন্দরগঞ্জে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও  ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গাইবান্ধা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 10:52 AM

Updated : 11 Oct 2022, 12:11 PM

পুরনো খবর:

উপ-নির্বাচনে কেন্দ্র দখলের শঙ্কায় জাপা
দুই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন

নির্বাচন কর্মকর্তারা জানান, নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকে ভোটকেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে না পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে প্রিজাইডিং কর্মকর্তারা আশা করছেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দুটি শূন্য হয়।

দুই আসনেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছেন মূল প্রতিদ্বন্দ্বিতায়। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এ নির্বাচনে প্রার্থী দেয়নি।

জাতীয় পার্টি দুই আসনেই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তবে ইসি বলেছে, সুষ্ঠু ভোটের সব ধরনের ব্যবস্থাই তারা নিয়েছে।

নির্বাচনী এলাকার নিরাপত্তায় পুলিশের শতাধিক মোবাইল ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছেন। র‌্যাবের অর্ধশতাধিক টীম টহল দিচ্ছে। রয়েছে ১৫ প্লাটুন বিজিবি।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন,  “ভোট নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সাধারণ কেন্দ্রে ২২জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আচরণ বিধি তদারকিতে মাঠে রয়েছেন জুডিশিয়াল ও নির্বাহি ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রার্থী ৭

গাইবান্ধা-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের আফরুজা বারী, জাতীয় পার্টির বারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া আমান খান ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির রেজোওয়ান আহমেদ, আওয়ামী লীগের বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন ও ইসলামী ঐক্যজোটের আবুল কাসেম মুহা. আশরাফুল হক।

গাইবান্ধা-১ আসনে মোট ভোটার তিন লাখ ৩৮ হাজার ৫৫৬ জন; ভোটকেন্দ্র ১০৯টি।  আর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে দুই লাখ ১৪ হাজার ৯ জন ভোটার ৭৪টি কেন্দ্রে ভোট দিচ্ছেন।

রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় এবং কুমিল্লার বিভাগীয় নিবাচন কর্মকর্তা মো. সাহেদুন্নবী চৌধূরী ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।