২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৪

কুষ্টিয়া সদর উপজেলায় বাস ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 11:29 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

মঙ্গলবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান।

নিহতদের তিনজন হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙলবাদ গ্রামের  মোনায়েম (৪৮), কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের মনোহর বিশ্বাস (৭৫) এবং সদরের বিষ্ণুদিয়া গ্রামের কলম বিশ্বাসের স্ত্রী আজিরন (৫৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের মনোহর বিশ্বাসের স্ত্রী সামসুন্নাহার (৫৭), সদরের লক্ষ্মীপুর সুদরিবপুর গ্রামের ফারুকের স্ত্রী রোজিনা খাতুন (২৮) ও তার দুই মেয়ে তাবাচ্ছুম (৬) ও টুম্পা (২)।

এদের মধ্যে টুম্পাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং বাকিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রতন শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া যাত্রাবাহী এসবি পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। বিপরীত দিক থেকে কুষ্টিয়া যাচ্ছিল সিএনজিচালিত যাত্রীবাহী যান মহেন্দ্র।

“সকাল সাড়ে ১০টার দিকে বাস ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মহেন্দ্রের যাত্রী দুই পুরুষ ও এক নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।”

সংঘর্ষে মহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটিও ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়। লাশগুলো হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, হাসপাতালে আনার পর এক নারীর মৃত্যু হয়েছে। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠাতে বলা হয়।