গোপালগঞ্জে মেহগনি বাগানে প্রবাসীর লাশ
গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় এক মেহগনি বাগান থেকে প্রবাসী যুবকের লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।
সোমবার সকালে উপজেলার বরাশুর গ্রামের কুব্বাত শেখের মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে কাশিয়ানী থানার এসআই খন্দকার নাজমুল হুদা জানান।
নিহত শফিকুল শেখ (২৮) বরাশুর গ্রামের কালাম শেখের ছেলে। সৌদি আরব প্রবাসী শফিকুল ছয় মাস আগে বাড়িতে আসেন।
শফিকুলের বড় ভাই নাজমুল শেখ বলেন, ২০০৬ সালে একই গ্রামের খোকন সাহার ছেলে রাজু সাহাকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই মামলায় শফিকুলকে চার নম্বর আসামি।
“শফিকুল রোববার এশার নামাজের পর খাবার খেয়ে পাশের ভাটিয়াপাড়া রেল স্টেশন মসজিদে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয়। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।”
রাজু সাহা হত্যার ঘটনাকে কেন্দ্র করে শফিকুলকে হত্যা করা হয়েছে বলে বলে অভিযোগ করেন তিনি।
এসআই নাজমুল বলেন, লাশের ডান পায়ের গোড়ালি ভাঙা এবং গলায় রশি পেঁচানো পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
