বেনাপোলে হুন্ডির সাড়ে ১৫ লাখ টাকাসহ যুবক আটক
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা সাড়ে ১৫ লাখ টাকাসহ এক যুবককে আটক করেছে বিজিবি ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, সোমবার সকালে বেনাপোলের সাদিপুর থেকে টাকাসহ তাকে আটক করা হয়।
আটক সাদেক আলি (২১) শার্শা উপজেলার বেনাপোল নামাজগ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে হুন্ডির বড় একটি চালান আসছে খবরে বিজিবির টহলদল সাদিপুর সীমান্তে অবস্থান নেয়। এসময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে বিজিবি সাদেককে আটক করে।
“পরে তাকে তল্লাশি করে সাড়ে ১৫ লাখ টাকা পাওয়া যায়।”
উদ্ধার টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
