আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী সাড় পাড়া গ্রামে শুক্রবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ওই দুই যুবকের উপর নির্যাতন চালানো হয় বলে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান।
নির্যাতনের শিকার ওই এলাকার মোনতাজ উদ্দিনের ছেলে স্বপন মিয়া ও তার চাচাত ভাই তাহের আলীর ছেলে মাসুম মিয়াকে শনিবার ভোরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাব্বি ইসমাইল ভূইয়া বলেন, স্বপন ও মাসুমের উপর অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, স্বপন গাড়ির বডি তৈরির মিস্ত্রির ও মাসুম টিউবওয়েল বসানোর কাজ করেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়িতে এসে ঘুমান তারা। শুক্রবার ভোরে কিছু বুঝে উঠার আগেই ইউপি সদস্য জাইদুল হকের নেতৃত্বে স্থানীয় কয়েকজন তাদের ডেকে এনে রাস্তার পাশের মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে অটো রিকশা ব্যাটারি চুরি অভিযোগে রড দিয়ে পেটাতে থাকে।
খবর পেয়ে স্বজনরা গেলে তাদেরকেও পিটিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। এক পর্যায়ে তারা পুলিশ ডাকলে আড়াইহাজার থানার এসআই রফিদউল্লাহ ফোর্স নিয়ে সেখানে গেলে তাদের সামনেই জাইদুলের লোকজন নির্যাতন করতে থাকে। ইউপি সদস্য জাইদুল স্থানীয়ভাবে বিষয়টি দেখা হচ্ছে বলে পুলিশকে চলে যেতে বললে তারা চলে যায় বলে স্থানীয়দের ভাষ্য।
এক পর্যায়ে নির্যাতিতরা মারা যেতে পারে ভেবে রাত ১১টার দিকে ইউপি সদস্য জাইদুল তাদেরকে থানায় নিয়ে গেলে পুলিশ তাদের ফেরত পাঠিয়ে দেয় বলে তাদের স্বজনদের অভিযোগ।
স্বপনের মা আলেয়া বেগম বলেন, “স্বপন ও মাসুমকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পিটানো হয়েছে। এক পর্যায়ে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে মোটা অংকের টাকা দাবি করে।”
পুলিশের সামনে নির্যাতনের বিষয়টি স্বীকার করে (এসআই) রফিদউল্লাহ বলেন, “স্বপন ও মাসুম চুরি করেছে এমন কোনো প্রমাণ পুলিশ পায়নি। থানায় তাদের ব্যাপারে আগে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।”
গাছে বেঁধে রাখার বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য জাইদুল হক বলেন, “আমার সামনে কেউ তাদের পেটাতে আসেনি। স্থানীয়ভাবে মীমাংসার জন্য তাৎক্ষণিকভাবে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়নি।”
ওসি হক বলেন, “কেউ যদি অপরাধ করে থাকে তাকে পুলিশে হস্তান্তর না করে আইন নিজের হাতে তুলে নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি পুলিশ প্রশাসন গুরুত্বের সঙ্গে দেখছে।
“পুলিশের কোনো অফিসারের এ ব্যাপারে কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
