কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এবং কাভর্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এক মিনি ট্রাকের চালক নিহত হয়েছেন; আহত হয়েছে আরও দুইজন।
কুষ্টিয়া সদর থানার ওসি নাসির উদ্দিন জানান, রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়ায় এবং ভোর সাড়ে ৬ টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের খবির উদ্দিন প্রামাণিকের ছেলে তুহিন প্রামাণিক (৪৫) ও মিনি ট্রাক চালক পটুয়াখালী জেলার পশ্চিম শরিয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আবদুর রহমান পোদ্দার (৩০)।
মোটরসাইকেল চালক জসিম (৩০) ও ট্রাক চালকের সহকারী কাউসারকে (১৭) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নাসির বলেন, মিরপুর উপজেলার রানাখড়িয়া থেকে জসিম ও তুহিন মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে মঙ্গলবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
“অন্যদিকে পটুয়াখালী থেকে ইলিশ বোঝাই একটি মিনি ট্রাক লক্ষ্মীপুরে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভর্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আবদুর রহমান নিহত হন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
