বগুড়ায় ব্যাংক ব্যবস্থাপক উধাও, শঙ্কায় গ্রাহকরা
বগুড়ায় মহাস্থান শাখায় রুপালী ব্যাংকের ব্যবস্থাপক উধাও হয়ে গেছেন তিন দিন আগে।
গত রোববার থেকে ব্যবস্থাপক জোবায়েনুর রহমানের খোঁজ নেই। কর্তৃপক্ষ জোবায়েনুর রহমানকে বরখাস্ত করে নতুন ব্যবস্থাপক নিয়োগ দিয়েছে।
এ ঘটনায় সাধারণ ডায়েরি এবং তদন্ত কমিটি করা হয়েছে।
ব্যাংকটির গ্রাহকরা তাদের হিসাব থেকে টাকা আত্মসাৎ হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন। এ কারণে তারা ব্যাংকে এসে ভিড় করছেন।
ম্যানেজার জোবায়েনুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়াতাইর গ্রামের মনতেজার রহমানের ছেলে। তিনি সস্ত্রীক শহরের নামাজগড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মন্ডল বলেন, রোববার যথারীতি ব্যাংকে আসেন রেজানুর। পরে বেলা সাড়ে ১১ টার দিকে ব্যাংকের পাশে চা পান করার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি।
“তাকে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি। একাধিকবার তার ব্যবহৃত ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। তার পরিবারেরও খোঁজ পাওয়া যায়নি।”
তিনি জানান, ওইদিন রাত ১টায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ওই ম্যানেজারকে বরখাস্ত করে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন ব্যাংকের এমএমজি তোফায়েল আহমেদ, সুলতান মাহমুদ, শাহীন মাহমুদ ও চিরঞ্জিত চক্রবর্তী।
এদিকে, ম্যানেজার নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে আমানতকারীরা উদ্বিগ্ন হয়ে ব্যাংকে ছুটে এসেছেন। তারা আমানত নষ্ট হওয়ার শঙ্কা করছেন।
মহাস্থান এলাকার মেসার্স মুক্তি ফল ও বীজ ভান্ডারের মালিক রহেদুল ইসলাম বলেন, “ব্যাংক হিসাবে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। সঠিক তথ্য পাওয়ার জন্য ব্যাংকে বসে আছি।”
নাসির কটকটি ভান্ডারের নামে রক্ষিত এফডিআর এর বিপরীতে ভুয়া ঋণ বানিয়ে প্রায় ৬৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে বলে দাবি করছেন এর মালিক নাসির উদ্দিন।
ব্যাংকটির ওই শাখার নতুন নিয়োগ পাওয়া ম্যানেজার আল আমিন বলেন, তিনি মঙ্গলবার সকালে এই শাখায় যোগ দিয়েছেন। ব্যাংকের গ্রাহকদের হিসাবের তদন্ত চলছে।
রুপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মন্ডল বলেন, বিভিন্ন হিসাবে গড়মিল আছে কি না সে টি দেখা হচ্ছে। গ্রাহকরা অভিযোগ করেছে তারা যে পরিমাণ আমানত রেখেছিল তা নেই।
“এটি কতটুকু সত্য সেটি তদন্ত করে দেখার পর বলা যাবে। রাজশাহী ডিভিশনাল অফিস থেকে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।”
ব্যাংকটির এই শাখার প্রতিটি হিসাব যাচাই করা হবে বলে জানান তিনি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ম্যানেজার জোবায়েনুর রহমান ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার পর থেকে নিখোঁজ থাকার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত চলছে।
ব্যাংকের ডিজিএম সরদার হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বগুড়া জেলা প্রশাসক ও মহাস্থান মাজার কমিটির সভাপতি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, মহাস্থান মাজারের একটি একাউন্ট রয়েছে রুপালী ব্যাংক মহাস্থান শাখায়। মাজারের একাউন্টের জমাকৃত টাকা গড়মিল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে ওই এলাকার সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ওই ম্যানেজার গ্রাহকদের এফডিআর-এর বিপরীতে ভুয়া সই করে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ঋণ উত্তোলন করেছেন। ওই টাকা নিয়ে তিনি উধাও হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মহাস্থান মাযার কমিটির প্রশাসনিক কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, মহাস্থান কমিটির নামে ব্যাংকে রক্ষিত চলতি হিসেব থেকে প্রায় ৮৪ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।
