২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মুক্তিযোদ্ধা হত্যায় বড়ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন

রংপুরে মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী বাদশা হত্যা মামলায় তার বড়ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 05:53 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার বিকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সাড়ে তিনবছর আগের এ মামলার রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুক্তিযোদ্ধা সেকেন্দারের বড়ভাই আব্দুল খালেক (৭০), ভাতিজা মিটন (৩১) ও রাশেদ (২৫)।

যাবজ্জীবনের পাশাপাশি তিন আসামির প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান।

তাছাড়া আরেকটি ধারায় তিন আসামির প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।

একই মামলায় আরও সাত আসামিকে ছয়মাস করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েচে।

এরা হলেন আমিরুল হক, আজাদুল হক, রায়হান, আব্দুল কুদ্দুস, মজনু মিয়া, মাহাবুব ও বাবু।

অপরাধ প্রমাণিত না হওয়ায় মনোনয়ার, বুলবুল, সেলিম মিয়া, কামরুল ইসলাম, মোস্তা মিয়া ও মোক্তার মিয়া নামে ছয় আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথির বরাত দিয়ে রথীশ চন্দ্র জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৪ সালের ৯ জুলাই দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের যাধবপুর এলাকার মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী বাদশাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ওইদিন বিকালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পরদিন নিহতের ছেলে কামরুজ্জামান লাবু বাদী হয়ে ১৯ জনের নামে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন একই বছরের ৫ নভেম্বর ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।