২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে অপহরণের অভিযোগ

রাজশাহী নগরীর এক ছাত্রলীগ নেতাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 06:01 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

বোয়ালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার সোহরাওয়ার্দী হোসেন বলেন, নগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মহসিন সর্দার ওরফে রনিকে (২৭) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন তারা।

তার অবস্থানও অনেকটাই নিশ্চিত হওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তাকে উদ্ধারের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিনটি দল একযোগে কাজ করছে।

“অল্প সময়ের মধ্যে রনিকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হবে বলে আশা করছি।”

রনির ছোট বোন মুন্নি খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ৯টার দিকে তার ভাই বাসা থেকে বের হন।

“যাওয়ার সময় বলে যান, এক ব্যক্তির কাছে তিনি প্রায় এক লাখ টাকা পাবেন। টাকা আনতে যাচ্ছেন। এরপর রনি আর বাড়ি ফেরেননি। পরে মোবাইল ফোনে এক খুদেবার্তা পাঠিয়ে রনি বলেছেন, তিনি বিপদে আছেন।”

রনির বন্ধু জুয়েলও একটি খুদেবার্তা পেয়েছেন জানিয়ে বলেন, তিনি ও রনি ঋণ নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনেছেন।

“এক খুদেবার্তায় রনি অটোরিকশা থেকে যে আয় হয় তা দিয়ে ঋণের কিস্তি দিতে বলেছে। আর কিছু বলেনি।”