ঠাকুরগাঁওয়ে হিজড়াদের সঙ্গে সংঘর্ষে আহত ৮
ঠাকুরগাঁও সদরে চাঁদা তোলা নিয়ে হিজড়াদের সঙ্গে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে হাফিজ উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই বিশ্বনাথ রায় জানান।
আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে হাফিজ উদ্দীনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাফিজের স্ত্রী নুর আশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে হিজড়া কাজল ও রাণী আমাদের বাসায় এসে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাদের উপর চড়াও হয় এবং বাকবিতণ্ডা শুরু হয়।
“এরপর প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি রুবির নেতৃত্বে একদল হিজড়া বাড়িতে এসে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। বাধা দিলে তারা আমাকে, আমার স্বামী হাফিজ উদ্দীন, ছেলে নুর হাসান ও মেয়ে খাদিজা মিমকে মারধর করে।”
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
কোনো চাঁদা দাবি করেনি দাবি করে রুবি বলেন, “হাফিজ উদ্দীনের ছেলে নুর হাসান বাচ্চা নাচানোর জন্য কয়েকজন হিজড়াকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। বাচ্চাকে নাচানো শেষে টাকা চাইলে তারা আমাদের ওপর হামলা চালিয়ে চারজনকে আহত করে।”
এসআই বিশ্বনাথ বলেন, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
