২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘৫ তালা থেকে পড়ে’ ভারতীয়র মৃত্যু

মাগুরা শহরে ছয়তলা ভবনের ‘পাঁচতালা থেকে পড়ে’ ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 12:17 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

নিহত গোবিন্দ ভট্টাচার্য (৩৫) ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে।

সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গোবিন্দর মৃত্যুর পর শহরের হাটখোলা সড়কে কাজী শামীমুর রহমানের বাড়ির পাঁচতালার ভাড়াটিয়া সরফরাজ নেওয়াজ জনিকে আটক করা হয়।

“জনির দাবি, গোবিন্দর সঙ্গে তার ও তার আরও কয়েকজন বন্ধুর কাপড়ের ব্যবসা নিয়ে লেনদেন রয়েছে। এ সূত্রে তারা গোবিন্দর কাছে সাড়ে আট লাখ টাকা পাবেন। দেনা-পাওনা নিয়ে আগে কোনো দ্বন্দ্ব না বাধেনি। সম্প্রতি গোবিন্দ ব্যবসায়িক কাজে ঢাকা আসেন। সেখান থেকে জনিরা তাকে মাগুরায় বেড়ানোর কথা বলে নিয়ে আসেন। পরে তাকে ওই বাড়ির পাঁচতালায় আটক করে টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। শনিবার ভোরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে দড়ি বেয়ে পালাতে গিয়ে নিচে পড়ে তার মৃত্যু হয়।”

গোবিন্দর পাসপোর্ট পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, পরে ভারতে খোঁজখবর নিয়ে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়েছে।

“জনি ওই ফ্ল্যাটটি পরিবার নিয়ে থাকার জন্য মঙ্গলবার ভাড়া নেন বলে পুলিশকে জানিয়েছেন। তার অন্য কাপড় ব্যবসায়ী বন্ধুদের মধ্যে আছেন মাগুরা শহরের ছায়াবীথি সড়কের সোহেল পারভেজ ও পারনান্দুয়ালী এলাকার ছমির হোসেন। পুলিশ তাদের খুঁজছে। আর বাড়ির ম্যানেজার নূরুল আমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। নূরুলই ফ্ল্যাটটি তাদের ভাড়া দেন।”

এ বিষয়ে বাড়ির মালিক কাজী শামীমুর রহমান বলেন, “আমি কদিন ধরে পারিবারিক কাজে গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরের দারিয়াপুর গ্রামে ছিলাম। সকালে মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে আসি।

“ফ্ল্যাট ভাড়া দেওয়া ও দেখাশোনার কাজ নূরুল আমিনই করেন। মঙ্গলবার তাদের পাঁচতালার ওই ফ্লাটটি ভাড়া দেওয়া হয় বলে শনিবার সকালে জেনেছি।”

শামীমুরের প্রতিবেশী গুপ্ত বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান তিনি। পরে ছয়তালা ভবনটির পাশে একতলা ভবনের ছাদে মানুষের গোঙানি শুনতে পেয়ে সেখানে যান।

“অন্যদের সহযোগিতায় ওই ছাদে গিয়ে তাকে রক্তাক্ত, ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ মারা যান। তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আর জনিকে আটক করে নিয়ে যায়।”

পুলিশ ঘটনা বিস্তারিত তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস।