ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: জাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট।
বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট থেকে মঙ্গলবার সন্ধ্যায় অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা বটতলায় গিয়ে সমাবেশে মিলত হন।
তারা হামলার ঘটনার নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের নীরব ভূমিকার সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, “শিক্ষার্থীদের দাবির কথা না শুনে প্রশাসনের মদদে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা নতুন কলঙ্কের জন্ম দিয়েছে।
“হামলা করে প্রতিবাদী কণ্ঠ কখনও বন্ধ করা যায় না। বরং নিজেদের পতন তড়ান্বিত হয়। এটা বোধহয় কর্তৃপক্ষ ভুলে গেছে। তাই তারা অমানুষের মতো ছেলেমেয়ে নির্বিশেষে সবাইকে বেধড়ক মারধর করেছে।”
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক রাজপথে নামার হুমকি দিয়েছেন।
তিনি বলেন, “শাসক দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডেই প্রমাণিত হয় যে তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের রাজত্ব স্বাধীন বাংলাদেশের চিত্র হতে পারে না। মার দিয়ে আওয়াজ বন্ধ করা যাবে না। এখন থেকে অধিকারের লড়াই হবে রাজপথে। আর চুপ থাকব না আমরা।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাহথির মুহাম্মদও বক্তব্য দিয়েছেন।
বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
