২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের ৫ যুদ্ধাপরাধীর সাজায় সন্তুষ্ট শহীদ পরিবার

একাত্তরে মৌলভীবাজারের দক্ষিণখোলা গ্রামে গণহত্যার দায়ে পাঁচ রাজাকারের সাজায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

বিকুল চক্রবর্তী

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 09:44 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

পুরনো খবর:

একাত্তরে গণহত্যা: ২ রাজাকারের প্রাণদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ মামলার রায় ঘোষণা করে।

দণ্ডিতরা হলেন- দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নেছার আলী (৭৯) ও উজের আহমেদ (৬৭) এবং তিন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ (৬৯), ইউনুছ আহমেদ (৭৫) ও মোবারক মিয়া (৬৯)।

এদের মধ্যে ইউনুছ ও উজের ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

এদিকে তিন আসামি পলাতক থাকায় নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেছেন মামলার সাক্ষীরা।

দুপুরে মামলার রায় হওয়ার পর মামলার সাক্ষী রাজনগর বালিগাঁওয়ের শহীদ দানু মিয়ার ছেলে  মতিউর রহমান, আতাউর রহমান এবং শহীদ দানুর আত্মীয় খলিলুর রহমান শঙ্কার কথা জানান।

আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এ রায়ে সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকরের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিন দণ্ডিত আসামি পলাতক থাকায় শঙ্কার কথাও প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ১৯৭১ সালের ২২ নভেম্বর এই রাজাকারদের সহায়তায় পাকিস্তানী সেনাবাহিনী তাদের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে তার বাবা দানু মিয়াকে ধরে নিয়ে যায় মৌলভীবাজার পিটিআই টর্চার সেলে।

পরে ৫ ডিসেম্বর দানু মিয়াসহ ৮৪ জন মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করা হয় বলে তিনি জানান।

রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী বলেন, এ রায় রাজনগর এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া। এই রায়ের মধ্য দিয়ে রাজনগর এলাকার মানুষের আশার প্রতিফলন হয়েছে।

তিনি রাজনগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ১৯৭১ সালে রাজনগর ধরের বাড়ি, খার পাড়া, পাঁচগাও, পোটিয়াস স্কুলের পাশে ও লোহাউনি ইটা চা বাগানের মধ্যবর্তী স্থানে শত শত মুক্তিকামী মানুষকে হত্যা করে দণ্ডিত এই রাজাকার ও তাদের সহযোগীরা।

“একইসঙ্গে তারা নারীদের সম্ভ্রমহানি, বাড়ি-ঘরে লুটপাঠ ও অগ্নিসংযোগ করে। দীর্ঘদিন তারা এই ক্ষত বয়ে চলছিলেন।”

রাজনগর থানার ওসি শ্যামল বনিক বলেন, বুধবার সকাল থেকেই রাজনগরে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. নেছার আলী রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জামুরা গ্রামের এবং মো. উজের আহমদ একই ইউনিয়নের  গয়াসপুর গ্রামের বাসিন্দা।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সামসুল আলম চৌধুরী রাজনগর সদর ইউনিয়নের বাগাজুরা গ্রাম, মো. মোবারক মিয়া মুসুরিয়া গ্রাম এবং মো. ইউনুছ মোল্লা মুন্সিবাজার ইউনিয়নের সোনাদিঘি গ্রামের বাসিন্দা।