২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে গণহত্যা: ২ রাজাকারের প্রাণদণ্ড, ৩ জনের আমৃত্যু সাজা

একাত্তরে মৌলভীবাজারের দক্ষিণখোলা গ্রামে গণহত্যার দায়ে তখনকার রাজাকার বাহিনীর দুইজনকে মৃত্যুদণ্ড এবং আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2018, 12:15 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

এদের মধ্যে মো. নেছার আলী (৭৯) ও উজের আহমেদের (৬৭) সর্বোচ্চ সাজার রায় দিয়েছে আদালত। আর সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ (৬৯), ইউনুছ আহমেদ (৭৫), মোবারক মিয়াকে (৬৯) দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।

এই পাঁচ আসামির মধ্যে ইউনুছ ও উজের রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি তিনজন মামলার শুরু থেকেই পলাতক।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ মামলার রায় ঘোষণা করে।

রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা পাঁচ অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ডের দুই আসামির সাজা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করতে হবে।

সেই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ট্রাইব্যুনালের রায়ে।

নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের মামলায় রায়ের এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করা যায়। তবে পলাতক আসামিদের সে সুযোগ নিতে হলে আত্মসমর্পণ করতে হবে।

Image
মৃত্যুদণ্ডের দুই আসামি মো. নেছার আলী ও উজের আহমেদ

মৃত্যুদণ্ডের দুই আসামি মো. নেছার আলী ও উজের আহমেদ

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মামলার প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন বলেন, “আমরা সন্তুষ্ট। পূর্ণাঙ্গ রায় পর্যবেক্ষণ করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব।”

অন্যদিকে আসামি ইউনুছ আহমেদ ও পলাতক আসামিদের রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বলছেন, এই রায়ে তারা ন্যায়বিচার পাননি।

“উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। এই মামলাটি অন্যান্য মামলার চেয়ে ব্যতিক্রম, কারণ যে পাঁচটি অভিযোগে তাদের বিচার হয়েছে, একই অভিযোগে ১৯৭২ সালে ভিকটিম পরিবারগুলো মামলা করেছিল। কিন্তু ইউনুছ আহমেদের নাম একটি মামলাতেও ছিল না। তাই আশা করছি, আপিলে আসামি খালাস পাবেন।”

অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৬ সালের ৮ ডিসেম্বর এ মামলার পাঁচ আসামির বিচার শুরু করে আদালত। ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৩০টি মামলার ৬৭ আসামির মধ্যে তিনজন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। মোট ৬৪ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৩৮ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় এসেছে।    

কোন অপরাধে কী সাজা

ঘটনাস্থল

অভিযোগ

আসামি

সাজা

অভিযোগ ১: মৌলভীবাজারের রাজনগর থানার বালিগাঁও গ্রাম

মুক্তিযুদ্ধের সংগঠক  দানু মিয়াকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা, বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমেদ, উজের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়া

সবার আমৃত্যু কারাদণ্ড

অভিযোগ ২:

ফকিরতোলা ও রাজাপুর গ্রাম

ডা. যামিনী মোহনকে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যা; বাড়িতে লুটপাট

নেছার, ইউনুছ ও উজের

সবার আমৃত্যু কারাদণ্ড

অভিযোগ ৩: রাজনগর থানার উত্তরবাগ গ্রাম

তিনজনকে তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন; বাড়িতে লুটপাট

নেছার, ইউনুছ ও উজের

ইউনুছ খালাস,

বাকি দুজনের ৫ বছরের সাজা

অভিযোগ ৪: নয়াটিলা গ্রাম

নোজাবত আলী ও আবদুল বাসিতকে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যা; বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ

সামছুল, নেছার, ইউনুছ, উজের ও মোবারক

সবার আমৃত্যু কারাদণ্ড

অভিযোগ ৫: নয়াটিলা গ্রাম

কয়েক ডজন হিন্দু বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, মন্দির ভাংচুর, আটকে রেখে নির্যাতন ও গণহত্যা

সামছুল, নেছার, ইউনুছ, উজের ও মোবারক

নেছার ও উজেরের মৃত্যুদণ্ড, বাকিদের আমৃত্যু সাজা

বুধবার বেলা সাড়ে ১০টার আদালত বসার পর মৌলভীবাজারের পাঁচ আসামির রায়ের কার্যক্রম শুরু হয়। গ্রেপ্তার দুই আসামিকে তার আগেই কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।

তিন সদস্যের এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম প্রারম্ভিক বক্তব্যে জানান, এ মামলায় তারা যে রায় দিচ্ছেন, তা ২০২ পৃষ্ঠার।

পরে ট্রাইব্যুনালের বিচারক আবু আহমেদ জমাদার রায়ের সার সংক্ষেপের প্রথম অংশ পড়া শুরু করেন। বিচারপতি আমির হোসেন পড়েন রায়ের দ্বিতীয় অংশ। সবশেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাজা ঘোষণা করেন।

রায়ের পর আসামি ইউনুছ আহমেদ ও  উজের আহমেদ চৌধুরীকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

গণহত্যা: এ মামলায় প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে পঞ্চমটিতে ছিল গণহত্যার অভিযোগ। 

একাত্তরের ২৯ নভেম্বর দক্ষিণখোলা গ্রামে হামলা চালিয়ে কয়েক ডজন হিন্দু বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ করে পাকিস্তানি বাহিনী আর রাজাকাররা। ধরে নিয়ে যাওয়া হয় সেসব বাড়ির বাসিন্দাদের। ভাঙচুর চালানো হয় হিন্দুদের মন্দিরে। ওই গ্রামের অন্তত ১৪ জন হিন্দুকে নির্যাতন করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে বা গুলি করে হত্যা করা হয়। স্বজনরা পরদিন তাদের লাশ পাওয়ার পর ভয়ে কোনো ধর্মীয় আচার ছাড়াই মাটিচাপা দেয়। সেই কবরে এখন শহীদদের জন্য একটি নামফলক বসানো রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় ওই বর্বরতার দায়েই দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি তিন আসামির হয়েছে আমৃত্যু সাজা।      

বয়স দণ্ড কমার কারণ হতে ‘পারে না’

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেছার আলী ও উজের আহমেদ দুজনেই একাত্তরে মুসলিম লিগের সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তারা যোগ দেন রাজাকার বাহিনীতে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত সমর্থক ইউনুছ আহমদ ও মোবারকও একাত্তরে ছিলেন রাজাকার সদস্য। আর

জামায়াতের তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য শামছুল হোসেন মুক্তিযুদ্ধের সময় স্থানীয় আল-বদর বাহিনীর কমান্ডার ছিলেন।  

তারা সবাই সে সময় মৌলভীবাজারের রাজনগর থানার বিভিন্ন গ্রামে যুদ্ধাপরাধে অংশ নেন বলে উঠে এসেছে এ মামলার রায়ে।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, এই আসামিরা একাত্তরে যেসব অপরাধে জড়িয়েছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। তা ছিল বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে সংঘবদ্ধ অপরাধ, যার লক্ষ্য ছিল নিরস্ত্র বেসামরিক মানুষ আর হিন্দুরা।   

রায়ের পর প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, “আদালত বলেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় বয়স কখনো দণ্ড কমানোর কারণ হতে পারে না।”

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের শহীদ দানু মিয়ার ছেলে ও এ মামলার ১ নম্বর সাক্ষী আতাউর রহমান বলেন, “পলাতক আসামিদের গ্রেপ্তার করতে হবে। আর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায় দ্রুত কার্যকর করতে হবে।”

মামলার অন্য সাক্ষী দানু মিয়ার বড় ছেলে মতিউর রহমান বলেন, “পলাতক আসামিদের মাঝে মধ্যে এলাকায় দেখা যায়। আমরা আতঙ্কিত। তারা আমাদের ওপর হামলা করতে পারে। তাদের যেন দ্রুত আটক করা হয়।”

মামলার ইতিবৃত্ত

২০১৪ সালের ১২ অক্টোবর ওই পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত শুরুর পর ২০১৬ সালের ২৬ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

সেখানে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি তিনজন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধাপরাধে লিপ্ত হন।

প্রসিকিউশনের আবেদনে ২০১৫ সালের ১৩ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিন বিকালেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের উজের আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও ইউনুছ আহমদকে তার সোনাটিকি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরের বছর ৮ ডিসেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করে। ২০১৭ সালের ১৫ জানুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

আদালতে এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল; আর ইউনুছের পক্ষে আইনজীবী আবদুস সোবহান তরফদার ও ওজায়েরের পক্ষে আইনজীবী মুজাহিদুল ইসলাম।

দুই পক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২০ নভেম্বর ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে। এরপর মঙ্গলবার জানানো হয়, বুধবার ঘোষণা করা হবে এ মামলার রায়।