২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডে মজুদ করা তুলা পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 04:58 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকার ‘গুলশান স্পিনিং মিলসে’ এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে নিয়ন্ত্রণ করে বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন জানান।

তিনি বলেন, খবর পেয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, তালাবদ্ধ গুদাম থেকে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে কী কারণে সেখানে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।