শুল্ক কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে শুল্ক কর্মকর্তাদের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শুল্ক কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল শুল্কভবনের সামনে থেকে বন্দর এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শুল্ক কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।
বেনাপোল চেকপোস্টে বুধবার সন্ধ্যায় ভারত থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে ইমিগ্রেশন পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় ৪/৫ জন পুলিশ শুল্ক কর্মকর্তাদের অফিসে ঢুকে তাদের মারধর করে ও ভাংচুর চালায়। হামলায় বেনাপোল শুল্কভবনের দুই রাজস্ব কর্মকর্তা ও তিনজন সহকারি রাজস্ব কর্মকর্তা আহত হন।
মানববন্ধনে বেনাপোলে শুল্কভবনের কাস্টম অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালী বলেন, আগামী রোববারের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
তা না হলে সারা দেশের কাস্টম কর্মকর্তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারও দাবি করেন বক্তারা।
