জামালপুরে ভাটা শ্রমিককে গলা কেটে হত্যা
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক ইটভাটার নিরাপত্তাকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, উপজেলার বীরহাতিজা গ্রামের জেকি ইটভাটা থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী (২০) উপজেলার দক্ষিণ দরিয়াবাদ গ্রামের সোনাহার আলীর ছেলে।
ওসি মাজহারুল বলেন, ইমান আলী ওই ভাটায় ১০ বছর ধরে কাজ করছিলেন। বুধবার রাতে তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।
“কী উদ্দেশে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনা তদন্ত করা হচ্ছে।”
এ ব্যাপারে হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
