স্মৃতিসৌধে তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, গণর্পূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখতে দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। তার এ সফরে রোহিঙ্গা সঙ্কটসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনার পাশাপাশি কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।
প্রকৌশলী মিজানুর বলেন, বিনালি ইলদিরিম স্মৃতিসৌধে প্রায় ২৩ মিনিট ছিলেন। তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে তুরস্কের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন এবং একটি ‘পারিজাত’ গাছের চারা রোপণ করেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
সাভার থেকে ফিরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তুরস্কের প্রধানমন্ত্রী।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে গিয়ে তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজে অংশ নেবেন বিনালি ইলদিরিম।
বুধবার সকালে ঢাকা থেকে তিনি কক্সবাজারে যাবেন এবং সেখানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
গত অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী দমন অভিযানে নামলে কয়েক দশকের পুরনো রোহিঙ্গা সঙ্কট নতুন মাত্রা পায়। জাতিসংঘ ওই অভিযানকে বর্ণনা করেছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে।
গত সাড়ে তিন মাসে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করা আরও চার লাখের মত রোহিঙ্গা গত কয়েক দশক ধরে অবস্থান করছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে।
রোহিঙ্গাদের ওপর এই নিপীড়ন বন্ধের দাবিতে শুরু থেকেই দৃঢ় অবস্থান নিয়েছে ওআইসির বর্তমান চেয়ার তুরস্ক। দেশটির ফার্স্ট লেডি এমাইন এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন।
বাংলাদেশ সফর শেষে বুধবারই কক্সবাজার থেকে তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিনালি ইলদিরিমের।
