সাভারে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৬ নেতাকর্মী আটক
ঢাকার সাভারের আশুলিয়ায় ‘গোপন বৈঠক’ চলাকালে একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আশুলিয়ার পলাশবাড়ির বটতলায় এলাকায় আবদুল মতিনের বাসা থেকে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আতাউর রহমান জানান।
এরা হলেন- আশুলিয়ার কাশিপুর এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে এখলাস উদ্দিন, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আলতাফ হোসেন মাস্টারের ছেলে আবদুল মতিন, নোয়াখালীর চাটখিল থানার ধর্মপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে সামসুল ইসলাম, নওগাঁর পত্নীতলা থানার লালপুর গ্রামের আবদুল হালিমের ছেলে তসলিম আহমেদ, দিনাজপুরের পার্বতীপুর থানার শিববাড়ি গ্রামের কেরামত আলীর ছেলের আবুল হাসেম ও নাটোরের সিংড়া থানার বনভরাইল গ্রামের সামুল ইসলামের ছেলে ওমর ফারুক।
পরিদর্শক আতাউর বলেন, জামায়াতের সদস্য সংগ্রহ ও নাশকতার পরিকল্পনার জন্য হাজী মতিনের বাড়িতে একত্রিত হয়ে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
“এ সময় তাদের কাছ থেকে সদস্য সংগ্রহ ফরম ও বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়।”
আটককৃতদের মধ্যে এখলাছ উদ্দিন নিজেকে জামায়াতের আমির দাবি করেছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
