২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 03:02 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শুক্রবার সকালে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান।

নিহত বাদশা মিয়া (৫০) নাজিরপুর উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের রাঙা মিয়ার ছেলে।

ওসি হাবিবুর বলেন, গ্রামের একখণ্ড জমি নিয়ে বাদশা মিয়ার সঙ্গে তার প্রতিবেশী হাতেম শেখের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।  

“বৃহস্পতিবার সকালে ওই জমিতে হাতেমের ছেলে ডালিম শেখ লোকজন নিয়ে চাষ করতে গেলে বাদশা তাদের বাধা দেন। তারা না শুনলে বাদশা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের জমি চাষ করতে নিষেধ করে।”

এর জেরে প্রতিপক্ষের লোকজন বাদশাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ওসি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ- ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।তাদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।