বেনাপোলে ২ কোটি টাকার সোনাসহ দুইজন আটক
বেনাপোল বন্দরে প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, শুক্রবার সকালে বন্দরের ২ নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক বিল্লাল হোসেন (২৫) বেনাপোলের পুটখালি গ্রামের রেজাউল ইসলামের ছেলে আর ইমরান হোসেন (২২) একই গ্রামের আলী হোসেনের ছেলে।
বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে সোনা পাচারের গোপন খবর পেয়ে বিজিবির টহলদল ২ নম্বর গেটের সামনে অবস্থান নেয়।
“পরে সন্দেহজনক ঘোরাঘুরির সময় দুইজনকে আটক করেন তারা। তাদের দেহ তল্লাশি করে চার কেজি ২৮০ গ্রাম ওজনের ২৬টি সোনার বার পাওয়া গেছে। এর বাজার দর এক কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকা।”
উদ্ধার সোনাসহ তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
