গাইবান্ধার সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালকের প্রাণ গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, উপজেলার গোপীনাথপুরের ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারুল ইসলাম মিলন (৩৫) পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
ওসি আবুল বাশার বলেন, দুটি ট্রাক মালামাল নিয়ে ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল।
“পথে পেছনের ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকে ধাক্কা দিলে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক দুটি আটক করে বলে জানান তিনি।
