কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হত্যা: এক মামলার বিচার শুরু
কুড়িগ্রামে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার এক মামলায় তিন জঙ্গির বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসাইন বিস্ফোরক আইনের মামলায় অভিযোগ গঠন করে তিন আসামির বিচার শুরুর নিদের্শন দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম আব্রাহাম লিংকন বলেন, বিচারক আসামিদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ গঠন করে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন। এ সময় গ্রেপ্তার দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধী ও গোলাম রব্বানী ও রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী।
এদের মধ্যে মেহেদী পলাতক রয়েছেন।
২০১৬ সালের ২৩ মার্চ কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এই ঘটনায় তার ছেলে রাহুল আমিন আজাদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।
বিস্ফোরক আইনের সাত আসামির মধ্যে চার জঙ্গি দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
অভিযোগ গঠনের দিন আসামি পক্ষে আইনজীবী না থাকায় তাদের আবেদনে জেলা লিগ্যাল এইড কমিটি হুমায়ুন কবির ও সফিকুল ইসলামকে তাদের আইনজীবী হিসেবে নিয়োগ দেন। তারা মামলা পরিচালনা করেন।
হুমায়ুন কবির বলেন, “জাহাঙ্গীর ওরফে রাজিব ওরফে রাজিব গান্ধীর আবেদনে জেলা লিগ্যাল এইড কমিটি আমাকে এবং আসামি গোলাম রব্বানীর আবেদনে অ্যাডভোকেট সফিকুল ইসলামকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছে।”
