বাল্যবিয়ে বন্ধে সচেতনতায় কর্মসূচি
বাল্যবিয়ে প্রতিরোধ ও এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে দুইটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।
বুধবার গাজীপুর সদর উপজেলা মিলনায়তনে ‘সংযোগ’ ও ‘হ্যালো আই এম’ নামের এ দুই প্রকল্প উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদ হাসান।
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) নামের একটি প্রতিষ্ঠান এ দুটি প্রকল্প বাস্তবায়ন করবে।
উদ্বোধন অনুষ্ঠানে ‘হ্যালো আইএম’-এর টিম লিডার সুস্মিতা আহমেদ জানান, ‘সংযোগ’ প্রকল্পের আওতায় এইচআইভি/এইডস সচেতনতা এবং ‘হ্যালো আই এম’ প্রকল্পের আওতায় বাল্যবিয়ে বন্ধে গাজীপুরসহ কয়েকটি জেলায় তারা কাজ করছেন।
সুস্মিতা জানান, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা ও গাজীপুরে এইচআইভি নিয়ে কাজ করছে ‘সংযোগ’ প্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক নুর মোহম্মদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লাজু শামসাদ হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শংকর স্মরণ সাহা প্রমুখ।
