বিপিএল নিয়ে বাজি, ২ যুবক কারাগারে
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে বাজি ধরায় নীলফামারীর ডিমলায় দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের আদশে দুই যুবককে বুধবার কারাগারে পাঠানো হয়।
দণ্ডিতরা হলেন, ডিমলার বাবুরহাট গ্রামের হৃদয় চন্দ্র রায় (৩০) ও ঠাকুরগাঁওয়ের হরিপুরের ফারুক ইসলাম (২৭)।
ওসি মোয়াজ্জেম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগে সিলেট ও রাজশাহীর খেলা চলছিল।
“এ সময় শহরের বাস টার্মিনাল এলাকার একটি দোকানে জুয়ার আসর থেকে ওই দুইজনকে আটক করে পুলিশ। নগদ ৫৮ হাজার টাকা, তিনটি মোবাইলফোন ও জুয়াড়িদের একটি জব্দ করা হয়।”
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিপিএল নিয়ে বাজি ধরার বিষয়টি স্বীকার করায় হৃদয় ১৫ দিনের এবং ফারুক তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
