২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার গাড়িবহর: ৩ বিএনপি নেতা রিমান্ডে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীতে বাসে অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন বিএনপি নেতাকে হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 08:34 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

মঙ্গলবার ফেনীর বিচারিক হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।

এ তিন আসামি হলেন সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবু মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা দেলোয়ার হোসেন বাবুল ও পুড়ে যাওয়া গাড়ির মালিক আবুল কাসেম মিলন।

ফেনী আদালত পুলিশের পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম জানান, ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরের পাশে বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

“এ ঘটনায় পরদিন (১ নভেম্বর) ফেনী মডেল থানার এএসআই নুর উদ্দিন বাদী হয়ে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করে মামলা করেছেন।” 

তিনি জানান, এই মামলায় বিভিন্ন সময়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশ ১৬ আসামির জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। মঙ্গলবার আদালত এদের মধ্যে তিন জনের রিমান্ড মঞ্জুর করে।

পুলিশ জানায়, গত বুধবার ওই মামলায় গ্রেপ্তার ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরের সালাম মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

৩১ অক্টোবর সন্ধ্যায় ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেছিল।

গত ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপাল অতিক্রম করার সময় গাড়িবহরের পাশে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

কক্সবাজারের উখিয়ার উদ্দেশে গত ২৮ অক্টোবর ঢাকা থেকে রওনা হয়েছিলেন খালেদা। শনিবার রাত চট্টগ্রামে কাটিয়ে পরদিন কক্সবাজার পৌঁছান তিনি। সোমবার তিনি উখিয়া গিয়ে রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে ফিরে আসেন। মঙ্গলবার রওনা হন ঢাকার পথে।

যাওয়ার পথেও ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে খালেদার গাড়িবহরে হামলা হয়।

ওই ঘটনায় খালেদার বহরের এবং গণমাধ্যমের প্রায় ৩০টি গাড়ি ভাংচুরের শিকার হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন গণমাধ্যমকর্মী মারধরের শিকার হন।

ওই হামলার জন্য বিএনপি ফেনীর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করছে। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, বিএনপি হামলার এই ঘটনা সাজিয়েছে।

পুরনো খবর:

ফেনীতে বাসে আগুনের ঘটনায় ছাত্রদল নেতার জবানবন্দি
ফেনীতে বোমাবাজি: যুবদলের ৩ জন গ্রেপ্তার