ফেনীতে বাসে আগুনের ঘটনায় ছাত্রদল নেতার জবানবন্দি
ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার এক ছাত্রদলনেতা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
জেলার পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূরে সালাম মিলন বৃহস্পতিবার এই জবানবন্দি দেন।
গত মঙ্গলবার খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপাল এলাকায় তার গাড়িবহরের পাশে দুটি বিস্ফোরণ ও দুটি বাসে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই নূরুল হক বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৩৫-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।
পরে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী।
