২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ‘হত্যা’

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 02:27 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

কামারখন্দ থানার ওসি আবু ওবাইয়দা খান জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কুড়া উদয়পুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুকসানা খাতুন (৩০) ওই গ্রামের আব্দুল হামিদের (৩৫) স্ত্রী।

রুকসানার বাবা দেলোয়ার হোসেনের অভিযোগ, দফায় দফায় যৌতুক দাবি করতেন হামিদ। সম্প্রতি জমি কেনার জন্য আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন।

“টাকা না দেওয়ার কারণেই শুক্রবার গভীর রাতে এক সন্তানের মা ও নয় মাসের অন্তঃসত্ত্বা রুকসানাকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করে। পরে ঘরের ধর্ণার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার  চালায়।”

ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আব্দুল গনি জানান, প্রায় এক যুগ আগে তাদের বিয়ে হয়। প্রথম থেকেই তাদের মধ্যে যৌতুকের দাবিসহ বিভিন্ন বিষয়ে ঝগড়া-বিবাদ লেগে ছিল। বিষয়টি নিয়ে বেশ কবার শালিস বৈঠক হয়েছে। 

ওসি ওবাইয়দা খান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ নিহতের স্বামী হামিদকে আটক করেছে। রুকসানার স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।