২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়া তরুণ-তরুণীর লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 11:30 AM

Updated : 12 Apr 2022, 12:39 AM

হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সেতুর পূর্বপাশ থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করে।

বুধবার দুপুরে তাদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার খবর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।

নিহত ইমন (২০) সায়দাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তার বাবা সুলতানের জমিজমা থাকলেও সেখানে বাড়িঘর নেই।

আর আনিকা (১৮) নামের তরুণী যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।

এসআই রবিউল বলেন, ইমন ও আনিকার পরিবার পুলিশকে তাদের ছেলে-মেয়ে বুধবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিল। সকালে লাশ উদ্ধারের পর তারা শনাক্ত করেছে।

পুলিশ নিশ্চিত হতে পারেনি এটা আত্মহত্যা কিনা।

উভয় পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চায় জানিয়ে এসআই রবিউল বলেন,  আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

পুরনো খবর:

সেতু থেকে নদীতে ঝাঁপ তরুণ-তরুণীর
বুড়িগঙ্গায় লাফিয়ে পড়া তরুণ-তরুণীর সন্ধান মেলেনি