২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতু থেকে নদীতে ঝাঁপ তরুণ-তরুণীর

রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছেন এক তরুণ ও এক তরুণী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 06:35 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

বুধবার দুপুরে তাদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার খবর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়ে নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

তবে সন্ধ্যা পর্যন্ত দুজনের কারও সন্ধান পাওয়া যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা নাজমা আক্তার।

তিনি বলেন, “বেলা ২টার দিকে ব্রিজ থেকে দুজন তরুণ-তরুণী স্বেচ্ছায় নদীতে লাফিয়ে পড়ে বলে খবর আসার পর আমাদের কর্মীরা সেখানে গিয়ে তল্লাশি শুরু করে।

“ফায়ার সার্ভিসের দুটি দল সন্ধ্যা পর্যন্ত টানা তল্লাশি চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।”

এই তরুণ-তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

“তারা আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন,” বলেন নাজমা।

এদিকে সন্ধ্যার পর অগ্নি নির্বাপক বাহিনীর একটি দল চলে আসে। অন্যটি কাজ করছিল।

বাহিনীর কর্মকর্তা নাজমা বলেন, “লঞ্চ চলাচল বেড়ে যাওয়ায় তল্লাশি অভিযান সীমিত করা হয়েছে।”