সবজির চারায় ভাগ্য ফেরালেন জয়পুরহাটের হারুন
জয়পুরহাটের হারুন অর রশিদ নার্সারিতে মৌসুমি সবজির চারা উৎপাদন করে নিজের ভাগ্য ফিরিয়েছেন; করেছেন আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা।
সরেজমিনে সদর উপজেলার গনকবাড়ী গিয়ে দেখা গেছে, হারুন এখন শীতকালীন সবজির চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন।
আগে তিনি ফেরি করে মুরগি ও কলা বেচতেন জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে সংসারে অভাব-অনটন লেগেই থাকত।
“তাই একদিন সবজির চারা উৎপাদন করার কথা ভাবলাম। ২০১০ সালে সবজির চারা উৎপাদনকারী শ্বশুর ইসমাইল হোসেনের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।”
প্রথমে তিনি চার শতক জায়গা ইজারা নিয়ে চারা উৎপাদন শুরু করেন জানিয়ে বলেন, এখন তিন বিঘা জমিতে চারা উৎপাদন করছেন। এখানে কাজ করছেন ১০ জন শ্রমিক।
“অসময়ে বৃষ্টির কারণে চারার ব্যবসায় ক্ষতি হলেও শীত মৌসুমে পুষিয়ে নিতে পারব বলে আশা করছি। বীজ ও শ্রমিকের মজুরি বাদ দিয়ে সাত-আট লাখ টাকা লাভ হতে পারে।”
এক জমিতে তিন থেকে চারবার চারা উৎপাদন করেন বলে তিনি জানান।
“বাঁধাকপি, ফুলকপি, মরিচ, টমেটো, বেগুন, পেঁপের বীজ বোনা হয়। অঙ্কুরোদগমের পর ২৫-৩০ দিন পরিচর্যার করে সবজি চাষীদের কাছে বিক্রি করি।”
তিনি জানান, পিলিয়াম ও সনি জাতের মরিচ, সুরক্ষা, ডেলটা, সালামত, বিউটি কামরাঙ্গা, ব্র্যাক ১৭৩৩ জাতের টমেটো, সিলভার, মার্বেল, সনোস্টার জাতের ফুলকপি, আটাম নরেশ, সাসার ডায়মন্ড জাতের বাঁধাকপি, গ্রিন বল, লাইট আলতাফন, রবার, লরি, চোখরি লেদা জাতের বেগুন, হাইব্রিড পেঁপের চারা উৎপাদন করছেন।
বর্তমান বাজারে এসব চারার দাম সম্পর্কে তিনি বলেন, প্রতি এক হাজার মরিচের চারা মানভেদে ৪০০ থেকে ৬০০ টাকা, টমেটোর চারা ৫০০-৭০০, ফুলকপির চারা ৭০০-৯০০, বাঁধাকপির চারা ৬০০-৮০০, বেগুনের চারা ৩০০-৪০০, পেঁপের চারা ৫০০-৬০০ টাকায় বিক্রি হয়।
হারুনের চারা উৎপাদন দেখে উদ্বদ্ধু হয়ে এ গ্রামের জীবন দেবনাথ, আব্দুল ওহাব ও মাসুদ রানাসহ আরও অনেকে সবজির চারা উৎপাদন করছেন।
জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ্ গ্রামের অখিল চন্দ্র, ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া গ্রামের আব্দুস সামাদ ও বিজন দেবনাথ হারুনের নার্সারিতে এসেছিলেন চারা কিনতে।
তারা প্রতিবছরই এখান থেকে সবজির চারা সংগ্রহ করেন বলে জানান।
তিন ছেলে-মেয়ের বাবা হারুন বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। মেজো ছেলে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। আর ছোট মেয়ে পড়ছে শিশু শ্রেণিতে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ বলেন, সবজি চারা উৎপাদনকারী হিসেবে হারুন ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন। তাকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে।
