২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে ‘দেশি মদ পানের পর’ ২ ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে ‘দেশি মদ পান করার পর’ দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 04:34 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

এরা হলেন, উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মতিয়ার রহমান মতি (৪২) এবং গান্ধাইল ইউনিয়নের পশ্চিম খুকশিয়া গ্রামের ইয়ার বক্সের ছেলে বেলাল হোসেন (৫০)।

সোনামুখী ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার মারা যান মতি এবং নিজ বাড়িতে মঙ্গলবার গভীর রাতে মারা যান বেলাল।

তিনি বলেন, “মঙ্গলবার রাতে সোনামুখী মেলায় মতি ও বেলালসহ বেশ কয়েকজন দেশি মদ পান করে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। রাতে বেলাল হোসেন বাড়িতে মারা যান।

“গুরুতর অবস্থায় মতিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।”

গান্ধাইল ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, বেলাল হোসেন মাদকাসক্ত ছিলেন। মাঝেমধ্যে সোনামুখী বাজারে মদ পান করে বাড়ি ফিরতেন। তবে মদ খেয়ে তার মৃত্যু হয়েছে কিনা এটা জানা নেই।

কাজিপুর থানার ওসি সুমিত কুমার কুন্ডু বলেন, “দুইজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে মদ খেয়ে হয়েছে কিনা জানি না।”

পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।