রূপা ধর্ষণ ও হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১৩ নভেম্বর
চলন্ত বাসে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রুপাকে ধর্ষণ ও হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ নভেম্বর।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আখতার জানান, বুধবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মান্নান এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৩ নভেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন।
এ সময় আদালত আসামিদের পক্ষে করা জামিন আবেদন নাকচ করে বলে জানান পিপি নাছিমুল।
গত ২৫ অগাস্ট রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় রূপার লাশ পাওয়া যায়।
কিন্তু পরিচয় জানতে না পারায় ময়নাতদন্ত শেষে পরদিন বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করা হয়।
গণমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে সোমবার রাতে মধুপুর থানায় গিয়ে ছবি দেখে রূপাকে শনাক্ত করেন তার বড় ভাই হাফিজুর রহমান।
রূপার পরিচয় শনাক্ত হওয়ার পর ওই রাতেই অভিযান চালিয়ে ময়মনসিংহ থেকে ছোঁয়া পরিবহনের চালক, সুপারভাইজার, সহকারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।তারা রূপাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় ময়মনসিংহ-বগুড়া রুটের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯), চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তারা প্রত্যেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা এখন টাঙ্গাইল জেলহাজতে আছেন।
ঢাকার আইডিয়াল ল কলেজের ছাত্রী রূপা একটি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। ওই দিন বগুড়ায় একটি পরীক্ষা দিয়ে সেখান থেকে কর্মস্থল ময়মনসিংহে যাওয়ার পথে তিনি ধর্ষণ নিহত হন তিনি।
