যশোরে আটক ‘জঙ্গি’ মোজাফফর কারাগারে
যশোরে জঙ্গি সন্দেহে আটক মোজাফফর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে; যাকে পুলিশ নব্য জেএমবির আঞ্চলিক সংগঠক বলছে।
মঙ্গলবার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইসলাম এ আদেশ দেন।
আদালতের জিআরও শফিউদ্দিন জানান, সন্ধ্যায় মোজাফফরকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন করে পুলিশ।
“আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন।”
যশোর শহরতলীর পাগলদহ মাঠপাড়ায় সোমবার সন্ধ্যারাতে মোজাফফর হোসেনের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে তাকে আটক করে পুলিশ।
মোজাফফর যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পুরনো ছাত্রাবাস মসজিদের ইমাম।
পরে তাকে নিয়ে একদল পুলিশ রাত ৯টার পর পাগলাদহের বাড়িটিতে ঢোকে। সেখান থেকে অস্ত্র, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে।
