২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় আসামি ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জের বেলকুচিতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।  

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 07:11 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন জানান, মঙ্গলবার দুপুরে মেয়েটির মামা আদালতে মামলাটি দায়ের করেন।

বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে আনোয়ার পারভেজ জানিয়েছেন।

আসাসিমা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেলকুচির চরখাষিয়া গ্রামের রকিব উদ্দিন মাস্টারের ছেলে রিয়াদ হোসেন (২৫), চরচালা গ্রামের মিন্টু কসাইয়ের ছেলে আরমান হোসেন (২৬), একই গ্রামের ফজলুল হকের ছেলে আল-আমিন হোসেন, সোনা উল্লার ছেলে রুবেল শেখ, কলাগাছি গ্রামের মমিন সেখের ছেলে রতন শেখ ওরফে পিচ্চি রতন ও গাড়ামাসি গ্রামের নিমাই ডাক্তারের ছেলে পাপ্পু।

মামলার এজাহারে বলা হয়, ৭/৮ মাস আগে স্কুল কমিটি গঠনের জন্য বেলকুচির দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে ওই শিক্ষার্থীর সঙ্গে রিয়াদের পরিচয় হয়। পরে স্কুল কমিটিতে মেয়েটিকে সিনিয়র সহ-সভাপতির পদ দেন রিয়াদ।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠলে গত ১৩ অক্টোবর রিয়াদ মেয়েটিকে চরচালায় তার মেসে ডেকে নিয়ে যায়। সেখানে রিয়াদ বিয়ের কথা বলে মেয়েটিকে ধর্ষণ করেন।

এরপর বিয়ের জন্য চাপ দিলে রিয়াদ তালবাহানা শুরু করেন। তখন মেয়েটি বিষয়টি প্রকাশ করে দেওয়ার ভয় দেখালে রিয়াদ তাকে মারধর করেন। পরে রিয়াদের আরও পাঁচ সহযোগী মেয়েটিকে মারধর করে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে মেস থেকে তাড়িয়ে দেয়।

মামলায় আরও বলা হয়, এরপর ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের কাছে জানালে মেয়েটির বাবা থানায় বেলকুচি থানায় মামলা করতে যান। খবর পেয়ে আসামিরা থানায় গিয়ে পুলিশের সামনে আবারও মেয়েটিকে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে বাবা-মেয়ের স্বাক্ষর নিয়ে তাদের থানা থেকে বের করে দেয়।

অভিযোগ অস্বীকার করে রিয়াদ হোসেন বলেন, “মেয়েটি গত ১৩ অক্টোবর রাতে আমার মেসে ঢুকে দরজা আটকে রেখে আমাকে বিয়ের জন্য চাপ দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মেস থেকে বের করে দেওয়া হয়।”

এরপর সে থানায় গিয়ে পুলিশের কাছে আমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় থানার ওসি সাজ্জাদ হোসেন তাকে বিদায় করে দেন বলে রিয়াদের দাবি।

রিয়াদ আরও বলেন, “আসন্ন বেলকুচি উপজেলা ছাত্রলীগের সম্মেলনে আমি সভাপতি পদের প্রার্থী। এ কারণে প্রতিপক্ষরা ওই মেয়েকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।”

এ বিষয়ে ওসি সাজ্জাদ বলেন, ওই মেয়েটি অভিযোগ করার জন্য থানায় এসেছিল। কিন্ত তার বাবা মামলা করতে রাজি না হওয়ায় তারা চলে যান। ওই সময় থানায় কোনো মারপিটের ঘটনা ঘটেনি, এমনকি সাদা কাগজে কোন স্বাক্ষর নেওয়া হয়নি।