২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস লাইনচ্যুত

কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনা সঙ্গে ঢাকা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 08:44 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

রোববার রাত ৮ টার দিকে ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে এ দুর্ঘটনা ঘটে বলে ভেড়ামারা থানার ওসি দারা খান জানান।

তিনি বলেন, দৌলদিয়ার গোয়লন্দঘাট স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেসের দুটি বগি ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ গেইটে লাইনচ্যুত হয়। এতে খুলনা সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ভেড়ামারা স্টেশন মাস্টার শামছুল ইসলাম বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ ও ডাউন উভয় লাইনেই রেল যোগাযোগ বন্ধ আছে।

পশ্চিমাঞ্চলীয় রেল ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে রওনা হয়েছে।

“আশা করছি, দুই বা তিন ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করে, অন্তত একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে। ”

উদ্ধারকলীন সময়ে খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান তিনি।