গাজীপুরে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার
গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের কাছে পেট্রোল বোমা ও উগ্র মতবাদের বই পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ রোববার দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুর মহানগর জামায়ায়তের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।
পুলিশ সুপার বলেন, গোপন খবরের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
“সেখান থেকে ১১টি পেট্রোল বোমা, পাঁচটি হাতবোমা ও জিহাদিবইসহ ওই জামায়াত নেতাদের আটক করা হয়।”
পুলিশ সুপার বলেন, “তারা নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
