গাজীপুরে আত্মীয়ের পরিচয়ে এসে ডাকাতি
আত্মীয়ের পরিচয় দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম নলজানিতে একটি বাসায় ঢুকে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলার আদালতের সাবেক পিপি আবদুল খালেকের ছেলে এহসানুল ইসলাম রাসেল বলেন, সোমবার রাত ৯টার দিকে তাদের গ্রেটওয়াল সিটির বাসায় ডাকাতির এ ঘটনা ঘটে।
প্রায় ১৫ ভরি সোনার গয়না ও এক লাখ ৫৮ হাজার টাকা ডাকাতি হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ডাকাতরা তাদের দ্বিতীয় তলার বাসার দরজায় কলবেল দিয়ে নিজেদের আত্মীয় বলে পরিচয় দেয়।
“দলজা খুলে দিলে তারা পিস্তল ও চাপাতি উঁচিয়ে ভয় ভীতি দেখিয়ে ভেতরে ঢোকে। বাসার পাঁচ সদস্যকে একটি কক্ষে হাতমুখ বেঁধে আটকে রেখে প্রায় ১৫ ভরি সোনার গয়না ও এক লাখ ৫৮ হাজার টাকা ডাকাতি করে চলে যায় তারা।”
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জয়দেবপুর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ডাকাত ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
