দেশে ফিরলেন পাচার হওয়া ১০ তরুণী
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়ার তিন বছর পর দেশে ফিরেছেন ১০ তরুণী।
রোববার বিকালে বিএসএফ ও ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করে। মুম্বাই শহরে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তারা পুলিশের হাতে আটক হন।
“অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যোগাযোগের ফলে ভারত সরকারের দেওয়া বিশেষ পাশের মাধ্যমে তারা ফেরত আসেন।”
আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা তরুণীদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঢাকা আহসানিয়া মিশন নামের একটি মানবাধিকার সংস্থার যশোর জেলার কর্মকর্তা ফাতেমা খাতুনে কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
ফাতেমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় নারীদের অভিভাবকরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তাহলে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে।
