মাকে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণে মামলা
নীলফামারীর ডিমলায় মাকে বেঁধে রেখে বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নয় জনের নাম উল্লেখ করে রোববার রাতে ওই নারীর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে, তাদের কেনা ছয় একর জমির নিয়ে র্দীঘ দিন থেকে এলাকার নির্মল রায় ও ফরিদুল ও আলমগীরের সঙ্গে বিরোধ চলছে। এনিয়ে আদালতে মামলাও চলছে।
শনিবার রাত ৩টার দিকে প্রতিপক্ষের নয়জন ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার স্ত্রীকে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে যায়। পরে স্ত্রী ও নাতি-নাতনির চিৎকারে সবাই এগিয়ে এলেও রাতে মেয়েকে খুঁজে পাননি বলে মামলায় অভিযোগ করেন।
পরের দিন সকালে এলাকাবাসী বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নদীর বাঁধ সংলগ্ন ফাঁকা জায়গায় মুখ-হাত ও পা বাঁধা অবস্থায় মেয়েকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।
সোমবার মেয়েটি সাংবাদিকদের বলেন, “বাড়িতে থেকে নয়জন তুলে নিয়ে গেলেও ফরিদুল (৩২) ধর্ষণ করে। বাকীরা ধর্ষণে সহযোগীতা করে।”
ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, মেয়েটির পরিবারের মৌখিক অভিযোগে রোববার বেলা ১১টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
“বিকালে তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।দু/একদিনের মধ্যে প্রতিবেদন হাতে আসবে।”
ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিললেও পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ।
