সিরাজগঞ্জে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বেসরকারী হাসপাতালের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রোববার বেলা ১টার দিকে সেননগর এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বীথি খাতুন (৩৫) বেলকুচির মুকন্দগাতি এলাকার মাহমুদুল ইসলামের স্ত্রী। সেননগর এলাকার বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি।
হাসপাতালের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
ওসি বলেন, চলতি বছররের ফেব্রুয়ারি মাসে মাহমুদুলের সঙ্গে বীথির দ্বিতীয় বিয়ে হয়। মাহমুদুলের প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। এ নিয়ে প্রায়ই মাহমুদুলের সঙ্গে বীথির ঝগড়া বিবাদ হত।
“এর জেরে রোববার সকালেও তাদের মধ্যে কথা কাটাকটি হয়। পরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বীথির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।”
পারিবারিক কলহের জেরে বীথি আত্বহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
