উখিয়ার ভেসে যাওয়া আরেক শিশুর লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া আরেক শিশুর লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় রেজুখাল থেকে ইতন বড়ুয়ার (১৩) মৃতদেহ উদ্ধার করা হয়। ইতন বড়ুয়া উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মধ্যম রত্নাপালং এলাকার অমূল্য বড়ুয়ার ছেলে।
এ নিয়ে গত দুদিনে পানিতে ভেসে গিয়ে দুজন এবং পাহাড় ধসে একজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।
বন্যায় প্লাবিত এক আত্মীয়ের খোঁজ নিতে বুধবার বিকালে ইতন ও তার বন্ধু সুবল বড়ুয়া চৌধুরী পাড়ায় যাচ্ছিল। চৌধুরী পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বানের পানির স্রোতে ভেসে যায় তারা। পরে স্থানীয়রা সুবল বড়ুয়াকে উদ্ধার করতে সক্ষম হলেও ইতনের সন্ধান পাননি।
উখিয়ার হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রেজুখালে ভাসমান অবস্থায় ইতনের লাশ পাওয়া গেছে।
মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনাইছড়ি ছড়া এলাকা থেকে ছমিরা আক্তারের (১৪) লাশ উদ্ধার করা হয়।
ছমিরা ওই এলাকার জাফর আলমের মেয়ে।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী জানান, বুধবার দিনভর ভারি বর্ষণ আর উজানের ঢলের পানিতে কক্সবাজারের নিম্নাঞ্চলের অনেক ঘর-বাড়ির সঙ্গে ছমিরাদের ঘরও পানিতে তলিয়ে যায়।
“বিকালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ছমিরা পানিতে ভেসে যায়। বেলা ১২টার দিকে উত্তর সোনাইছড়ি ছড়া এলাকার একটি নালায় ভাসমান ছমিরার লাশ স্থানীয়রা উদ্ধার করে।”
এছাড়া বুধবার পাহাড় ধসে মাটিচাপা পড়ে নিহত হয়েছে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার সরওয়ারুল ইসলামের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রাব্বী (৭)।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যায় ভারি বর্ষণের সময় শাহরিয়ার হোসেন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাহাড়ের খাদের নীচে তৈরি বাড়িতে ছিল। এক পর্যায়ে পাহাড় ধসে বাড়ির উপর পড়লে মাটির দেওয়াল চাপা পড়ে তারা।
গফুর বলেন, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চাপা পড়া অবস্থায় অন্যদের উদ্ধার করলেও শাহরিয়ারকে উদ্ধার করতে সক্ষম হননি। প্রায় এক ঘণ্টা পর মাটির নীচ থেকে উদ্ধার করে তাকে পার্শ্ববতী কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
