২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে শিশু নিহত, বন্যায় নিখোঁজ আরেকজন

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে; বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে আরেক শিশু।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 12:26 AM

Updated : 11 Apr 2022, 11:53 PM

নিহত শাহরিয়ার হোসেন ওরফে রাব্বী (৭) উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ার সরওয়ারুল ইসলামের ছেলে।

নিখোঁজ ইতন বড়ুয়া (১৩) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মধ্যম রত্নাপালং এলাকার অমূল্য বড়ুয়ার ছেলে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, বুধবার বিকালে চৌধুরী পাড়ায় উজান থেকে নেমে আসা বানের পানিতে ভেসে যায় ইতন বড়ুয়া। এরপর থেকে সে নিখোঁজ থাকে।

তিনি জানান, বানের পানিতে প্লাবিত এক আত্মীয়ের খোঁজ নিতে ইতন ও তার বন্ধু সুবল বড়ুয়া চৌধুরী পাড়ায় যাচ্ছিল। চৌধুরী পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বানের পানির স্রোতে ভেসে যায় তারা।

“পরে স্থানীয়রা সুবল বড়ুয়াকে উদ্ধার করতে সক্ষম হলেও ইতনের সন্ধান পাননি।”

তবে স্থানীয়রা নৌকাযোগে বিভিন্ন স্থানে তার সন্ধানে নেমেছে বলে জানান শাহ আলম।

এদিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়ায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারি বর্ষণের সময় পাহাড় ধসে মাটির দেওয়াল চাপা পড়ে শাহরিয়ার হোসেন ওরফে রাব্বীর মৃত্যু হয় বলে জানান পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

গফুর উদ্দিন বলেন, সন্ধ্যায় ভারি বর্ষণের সময় শাহরিয়ার হোসেন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাহাড়ের খাদের নীচে তৈরি বাড়িতে ছিল। এক পর্যায়ে পাহাড় ধসে বাড়ির উপর পড়লে মাটির দেওয়াল চাপা পড়ে তারা।

গফুর বলেন, স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চাপা পড়া অবস্থায় অন্যদের উদ্ধার করলেও শাহরিয়ারকে উদ্ধার করতে সক্ষম হননি। প্রায় এক ঘণ্টা পর মাটির নীচ থেকে উদ্ধার করে তাকে পার্শ্ববতী কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

গত ১২ জুন রাতে প্রবল বর্ষণে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়।

পুরনো খবর:

কক্সবাজারে জরুরি সভা, পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং