২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জরুরি সভা, পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং

ভারি বর্ষণের ফলে বন্যার পাশপাশি পাহাড় ধসের আশঙ্কায় জরুরি সভা করেছে কক্সবাজারে জেলা প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 11:39 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

এছাড়া পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসনের সভাপতিত্বে অনিুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, পাহাড়ের চূড়া ও পাদদেশে ঝূঁকিপূর্ণভাবে বসবাসকারী তিন শতাধিক মানুষকে ইতিমধ্যে প্রশাসন নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়া ঝূঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে আসতে মাইকিংসহ নানা প্রচারণা চালানো হচ্ছে।

বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ইতিমধ্যে দুর্যোগ মোবাবেলায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসনের কর্তা ব্যক্তিরা বন্যা পরিস্থিতির উপর সর্বাক্ষণিক নজর রাখছেন।

সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদার ও জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আবহাওয়া অফিস কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত ৩০ জুন থেকে কক্সবাজারে টানা বৃষ্টিপাতের শুরু হয়েছে। তবে ভারি বৃষ্টিপাতে শুরু হয় ৩ জুলাই থেকে। গত ২ দিনের ভারি বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৫১ মিলিমিটার। এছাড়া বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিাপাতের রেকর্ড হয়েছে ২২৯ মিলিমিটার।