২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বন্যায় ভেসে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বন্যার পানিতে ভেসে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ স্থানীয়রা উদ্ধার করেছে। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 03:05 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী জানান, ইউনিয়নের উত্তর সোনাইছড়ি ছড়া এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ১৪ বছর বয়সী ছমিরা আক্তারের লাশ উদ্ধার করা হয়।

ছমিরা ওই এলাকার জাফর আলমের মেয়ে।

এ ঘটনায় উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মধ্যম রত্নাপালং এলাকার অমূল্য বড়ুয়ার ছেলে ইতন বড়ুয়া (১৩) নিখোঁজ রয়েছে।

নূরুল জানান, বুধবার দিনভর ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কক্সবাজারের নিন্মঞ্চলের অনেক ঘর-বাড়ির সঙ্গে ছমিরাদের ঘরও পানিতে তলিয়ে যায়।

“বিকালে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ছমিরা বানের পানিতে ভেসে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও রাত পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।”

দুপুরে উত্তর সোনাইছড়ি ছড়া এলাকার একটি নালায় ছমিরার লাশ ভাসতে স্থানীয়রা তা উদ্ধার করে বলে জানান তিনি।

এদিকে ইতন ও তার বন্ধু সুবল বড়ুয়া বুধবার বিকালে চৌধুরী পাড়ায় যাচ্ছিল বানের পানিতে প্লাবিত এক আত্মীয়ের খোঁজ নিতে। চৌধুরী পাড়া সেতু সংলগ্ন এলাকায় পৌঁছলে বানের পানির স্রোতে তারা দুজনেই ভেসে যায়।

স্থানীয়দের সহায়তায় সুবলকে উদ্ধার করা গেলেও ইতনের খোঁজ পাওয়া যায়নি বলে নূরুল জানান।