২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজিপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক বৃদ্ধাকে ‘ঘুমন্ত অবস্থায়’ গলা কেটে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 10:25 AM

Updated : 19 Aug 2022, 05:00 PM

কাজিপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে উপজেলার মাইঝবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহানারা বেগম (৫০) ওই গ্রামের আজিজার রহমান ওরফে ডাক্তারের স্ত্রী।

এসআই আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাস ছয়েক আগে আগুনে দুটি বসতঘরই পুড়ে যাওয়ায় জাহানারা পাশের বাড়ির বারান্দায় ঘুমাতেন।

“সোমবার রাতেও তিনি ওই বারান্দায়ই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে শব্দ পেয়ে ওই বাড়ির লোকজন ঘুম থেকে উঠে জাহানারাকে গলা কাটা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

তবে খুনি সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।

ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই আনোয়ার।