২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, এসআই প্রত্যাহার

যশোরে কলেজ শিক্ষককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এক এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2017, 09:24 AM

Updated : 19 Aug 2022, 04:54 PM

কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, অভিযোগ পাওয়ার পর এসআই শামীম আকতারকে বৃহস্পতিবার বিকেলে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এসআই শামীমের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম বিপ্লব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে কলেজ থেকে মুরাদগড়ের বাসায় ফিরছিলেন তিনি। পথে যশোর-ঝিনাইদহ সড়কের কাজী শাহেদ সেন্টারের সামনে পুলিশ তার গতিরোধ করে।

“এ সময় এসআই শামীমের সঙ্গে থাকা তার এক সোর্স আমার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর শামীম আমাকে আটকের চেষ্টা করেন। কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয়রা জড়ো হলে শামীম পিছু হটেন।”

এ ঘটনায় যশোরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ আবু সরোয়ার জানান, এসআই শামীমকে পুলিশ লাইনে সংযুক্ত করার পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে।

এসআই শামীমের মোবাইলে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন খুব ব্যস্ত আছি। একটু পরে ফোন করেন।”