আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাবার দায়ের করা মামলায় ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ২৮দিন পর কবর থেকে এক গৃহবধূর লাশ তোলা হয়েছে।
হরিনাহাটী গ্রাম থেকে সোমবার বেলা সাড়ে ১১ টায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলাল হোসেনের উপস্থিতিতে শারমিন সুলতানার (২৫) লাশ উত্তোলন করা হয়।
শারমিন মাদারীপুরের শিবচর উপজেলার বাকরকান্দি গ্রামের মহিউদ্দিন টিপুর স্ত্রী।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গত ১৮মে এ নির্দেশ দেয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই আব্দুর রহিম জানান।
শারমীনের বাবা ফজলু শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট বছর আগে টিপুর সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। ঢাকার মিরপুরে বাসা ভাড়া করে থাকতো তারা।
বিয়ের পর থেকেই টিপু বিভিন্ন কারণে শারমিনকে শারীরিক নির্যাতন করতো। গত ১৩ মে রাতে শারমিন স্ট্রোক করে মারা গেছে বলে মহিউদ্দিন মোবাইলে ফোন করে তাকে খবর দেয় বলে ফজলু জানান।
তিনি বলেন, “পরদিন শারমিনের লাশ দাফনের জন্য হরিনাহাটী নিয়ে আসা হয়। দাফনের আগে গোসল করানোর সময় শারমীনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।”
পরে বিষয়টি কোটালীপাড়া থানায় জানানো হলে তাকে মিরপুর থানায় মামলা করতে বলা হয়। শারমিনের লাশ দাফন শেষে মিরপুর থানায় গিয়ে তিনি মামলা করেন বলে জানান তিনি।
এসআই আব্দুর রহিম বলেন, মামলাটি তদন্তের জন্য আদালতের নির্দেশে লাশটি কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
